আইরিশ বাধা পেরোলো বাংলার যুবারা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম

নিজেদের প্রথম ম্যাচে মারুফ মৃধার ক্যারিয়ারসেরা পাঁচ উইকেট শিকারের পরও ভারতের দেওয়া ২৫২ রানের লক্ষ্যে মুখ থুবড়ে পড়তে হয় বাংলার যুবাদের। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে জয় ছাড়া অন্য যেকোনো ফল আসর থেকেই ছিটকে দিতো এশিয়ার চ্যাম্পিয়ন দল বাংলাদেশকে। এই ম্যাচে তা হতে দেননি শিবলী-আহরাররা। আজ আইরিশদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য বাংলার যুবারা টপকে গেছে ৬ উইকেট ও ১৯ বল হাতে রেখেই।

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৯০ রান তোলেন আশিকুর রহমান শিবলী ও আদিল বিন সিদ্দিক। জুটি ভাঙে ৩৬ রানে আদিলের বিদায়ে। ৯০ থেকে ১৩০- এ ৪০ রানের মধ্যেই বাংলাদেশ হারায় তাদের চার উইকেট। আদিলের পর সাজঘরে ফেরেন শিবলী। তিনি করেন ৬০ বলে ৪৪। চৌধুরী রিজওয়ান ও আরিফুল থিতু হওয়ার আগেই ফেরেন ২১ ও ১৩ রান করে। জয় থেকে ১০৬ রান দূরে থাকতে কিছুটা শঙ্কা জন্মে সে সময়। তবে তা স্থায়ী হতে দেননি আহরার আমিন ও শিহাব জেমস। পঞ্চম উইকেটে এ দুজন করেন অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটি। জেমস ৫৪ বলে ৫ চারে ৫৫ রান ও আহরার ৬৩ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৫ রান করে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।

এর আগে আইরিশদের ইনিংসের শুরুতে নিয়মিত বিরতিতেই উইকেট নিচ্ছিলেন মারুফ-রাফি-জীবনরা। বাদ সাধেন কিয়ান হিলটন। পঞ্চম উইকেটে  স্কট ম্যাকবেথকে নিয়ে গড়েন ৮১ রানের জুটি। রাব্বী ম্যাকবেথকে ফিরিয়ে সে জুটি ভাঙলেও পরের উইকেটে জন ম্যাকনেলির সঙ্গে ৪৩ রানের আরও একটি জুটি গড়েন হিলটন। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন হিলটন। ১০ রান দূরে থাকতে তাকে থামান মারুফ মৃধা। ১১২ বলে ১১ চার ও ১ ছয়ে ৯০ রান করে ফিরলেও আইরিশদের লড়াকু পুঁজি এনে দেন হিলটন। মারুফ ও শেখ পারভেজ জীবন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রাব্বী, রাফি ও বর্ষণ। শুক্রবার যুবারা নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত