বগুড়ার ধুনট উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে ধুনট থানার ওসি সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (৬০) ওই গ্রামের মজিবর মণ্ডলের ছেলে ও খোকন মণ্ডলের বাবা।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে জমিজমা বিক্রি করে ছেলে খোকন মণ্ডলকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন বাবা আব্দুল মান্নান। দীর্ঘদিন মালয়েশিয়ায় থেকে ঋণসহ সংসারের নানা চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় খোকন মণ্ডল। গত এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। অভাবের সংসারে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। খোকন মন্ডল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছে কয়েকবার। ঘটনার দিন সোমবার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে খোকন মণ্ডল লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। তৎক্ষণাৎ প্রতিবেশীরা আব্দুল মান্নানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নানের চাচাতো ভাই শাহিন মণ্ডল জানান, তার ভাতিজা খোকন মণ্ডল বিদেশে গিয়ে অসুস্থ হওয়ায় দেশে আনা হয়। চিকিৎসার পরও মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, পারিবারিক কারণে ছেলে খোকন মণ্ডলের লাঠির আঘাতে তার বাবা আব্দুল মান্নান মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। খোকন মণ্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
