মালদ্বীপে আসছে চীনের একটি জাহাজ, দাবি করা হচ্ছে এটি সমুদ্রে গবেষণা করতে আসছে। কিন্তু দিল্লির সন্দেহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মালদ্বীপে গোয়েন্দা নজরদারি করতে জাহাজটি পাঠাচ্ছে বেইজিং।
‘শিয়াং ইয়াং হং-৩’ নামের ওই জাহাজটি ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর হয়ে মালাক্কা প্রণালী পেরিয়ে সুন্দা প্রণালীতে পৌঁছে গিয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুয়ায়ী, আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে জাহাজটি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছবে।
এর আগে একাধিক চিনা নজরদারি জাহাজ ভারতের প্রতিবেশী আরেক দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল। ওই ঘটনায় কলোম্বোর উপরে ক্ষুব্ধ হয়েছিল দিল্লি। পরবর্তীকালে ভারতের আপত্তিতে ‘শিয়াং ইয়াং হং-৩’ নামের চিনা জাহাজকে হাম্বানটোটা বন্দরে ভিড়তে দেয়নি রনিল বিক্রমাসিংহের সরকার।
কয়েকদিন আগে মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন। তাদের দুজনের এ বৈঠকের পরই ভারত মহাসাগরের জলসীমায় আসা শুরু করেছে চীনা জাহাজটি।
মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ক্ষমতায় আসেন তার দেশে থেকে ভারতের প্রভাব দূর করবেন এই প্রতিশ্রুতি দিয়ে। তাকে চীন ঘেষা হিসেবে উপস্থাপন করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সাম্প্রতিক চীন সফরের পর মুইজ্জু ঘোষণা করেন আগামী ১৫ মার্চের মধ্যে মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের অবশ্যই দেশে ফেরত যেতে হবে।
ভারত বাদ দিয়ে তুরস্কের ড্রোন কিনছে মালদ্বীপ