মির্জা আব্বাসের দুর্নীতি মামলার যুক্তিতর্কের শুনানি ২৭ ফেব্রুয়ারি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মামলার যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ দিন ধার্য করেন।

এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ বুধবার। তবে মামলাটির অধিকতর আইনি যুক্তিতর্ক শুনবেন বলে সিদ্ধান্ত দেন সংশ্লিষ্ট আদালত। বুধবার আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে যুক্তিতর্কের শুনানির জন্য এ দিন ধার্য হয়। এ মামলায় দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে, ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তৃতীয়বারের মতো দিন (২৪ জানুয়ারি) ধার্য করেন বিচারক। এর আগে গত ২২ নভেম্বর দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ৩০ নভেম্বর ধার্য হলেও ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় ১২ ডিসেম্বর ধার্য করেন আদালত। তবে, এদিনও রায় প্রস্তুত না হওয়া এবং অবরোধের কারণে ২৮ ডিসেম্বর ধার্য করা হয়।

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। তদন্তে মির্জা আব্বাসের বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় বিশেষ আদালত। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত