সরকারি জমিতে মেয়রের স্থাপনা, গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম

কক্সবাজার পৌরসভার সরকারি জমিতে মেয়র মাহাবুবুর রহমানের স্থাপিত একটি বেসরকারি স্কুল ও একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনারের (এসিল্যান্ড) অধীনে অভিযান পরিচালনাকারী দলটি সরকারি জমিতে গড়া ওঠা জামায়াত নেতার একটি মাছের প্রজেক্ট, একটি বসতঘর এবং বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন বনকর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ, আনসার সদস্য ও বনকর্মীরা।

সরেজমিন দেখা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্না পাড়ায় জামায়াত নেতা ছৈয়দ আলমের দখলে থাকা প্রায় ৫ একর জমিতে নির্মিত মাছের প্রজেক্ট ও অন্যান্য স্থাপনা ভেঙে দেওয়া হয়। এর পাশে থাকা অপর দুটি মাছ চাষের পুকুরের ঘেরাবেড়ার একাংশও ভেঙে ফেলা হয়। এ ছাড়া ১০-১২টি বসতঘর ও মসজিদ-কবরস্থানের সীমানার ঘেরাবেড়া কেটে দেওয়া হয়। অপরদিকে কক্সবাজার পৌরসভার স্থাপিত একটি খেলার মাঠ ও একটি স্কুলের নামফলক ভেঙে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৬ অক্টোবর ১ নম্বর ওয়ার্ডের ইমতিয়াজ ইমতিহান স্টেডিয়াম নামে একটি খেলার মাঠ এবং নাহিদা মোস্তাক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র মাহাবুবুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান বলেন, নামফলক ভাঙার বিষয়ে আমার জানা নেই। সরকারি খাস জমিতে কেন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জানতে চাইলে তিনি বলেন, শিশুদের লেখাপড়া ও মানসিক বিকাশের কথা চিন্তা করে কাজগুলো করা হয়েছিল।

কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা ধীরে ধীরে গুঁড়িয়ে দেওয়া হবে। যতই প্রভাবশালী হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। সকলের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত