বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন শিক্ষককে ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়েছে। ১৩তম নৈতিকতা দিবস উৎসব উপলক্ষে এথিকস ক্লাব বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে গতকাল বুধবার এ সম্মাননা দেওয়া হয়। বিকেল ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়।
এবার আদর্শ শিক্ষক সম্মাননা পেয়েছেন ছায়ানটের সভাপতি অধ্যাপক ড. সনজীদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুন নবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হামিদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি নারায়ণ গিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মু. নুরুল মোস্তফা চৌধুরী, দিনাজপুর সংগীত কলেজের গণেশ সরেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমন আরাস্তা শিউলী এবং বান্দরবান সদরের মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুহাম্মদ জসিম উদ্দিন।
অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি অধ্যাপক ড. সনজীদা খাতুন ও ড. অনুপম সেন। তার বদলে পুরস্কার গ্রহণ করেছেন পিএসসির সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এমই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খার রূপার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। এ সময় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন ডা. দীপু মনি ও এথিকস প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম।
পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক রফিকুন নবী বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। তবে নৈতিকতা শিরোনামের শিক্ষক সম্মাননা পুরস্কার আমাকে অবাক করেছে।’
