স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হারের পর এবার কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরেছে বার্সেলোনা। বিলবাওয়ের মাঠে ম্যাচের অতিরিক্ত সময়ে দুই ভাইয়ের গোলে ৪-২ গোলে হেরে বিদায় নেয় বার্সা।
একটা পর্যায়ে ম্যাচে বার্সা ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। ম্যাচের ৩৮ সেকেন্ডে গোল হজমের পর ঘুরে দাঁড়ায় দলটি। ২৬ মিনিটে গোল করেন বার্সা তারকা রবার্ট লেভানডফস্কি। এর ৬ মিনিট পর দলকে এগিয়ে দেন লামিন ইয়ামাল।
সফরকারীরা লিড নেওয়ার পর ৪৯ মিনিটে গোল করে সমতা ফেরান বিলবাওয়ের মিডফিল্ডার ওইহান সানসেত। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা ছিল।
অতিরিক্ত সময়ে ইনাকি উইলিয়ামস বিলবাওকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান তার ভাই নিকো উইলিয়ামস। আফ্রিকান নেশনস কাপ খেলতে আইভরিকোস্টে ছিলেন ইনাকি। তার জাতীয় দল ঘানা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর স্পেনে ফিরে মাঠে নেমেই গোল করলেন।