দলের কারাবন্দি জ্যেষ্ঠ নেতাদের পরিবারের খোঁজ নিল বিএনপি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ পিএম

কারাবন্দি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিলেন কারাগারের বাইরে থাকা দলটির জ্যেষ্ঠ নেতারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

এ সময় মঈন খান বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজ নেন। মঈন খানের সঙ্গে ছিলেন বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। আজ রাতে দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতারা কারাবন্দি নেতাদের বাসায় গিয়েছেন। দলের মহাসচিব ছাড়াও বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি ত্রাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ইয়াসিন। এছাড়া বিএনপি ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় গিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি বেগম সেলিমা রহমান। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসায় যান বিএনপি ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত