আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হবে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান শেখ হাসিনা সরণি সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেইসে অনুষ্ঠিত হবে। 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ বাহিনী প্রধান এ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। 

উদ্বোধনী এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, এ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তা, বিভিন্ন স্পন্সরবৃন্দ, গণমাধ্যম ব্যক্তি এবং ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদরা উপস্থিত থাকবেন।

এ বছর অনুষ্ঠিত ম্যারাথনে আনুমানিক ৫৯ জন বিদেশি পুরুষ ও মহিলা দৌড়বিদ ফুল ম্যারাথন  (৪২.১৯৫ কি.মি.) ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আনুমানিক ৫৮০৬ জন বাংলাদেশি ম্যারাথনার ফুল ও হাফ ম্যারাথনে (২১.০৯৭ কি. মি.) অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন।

ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশি দৌড়বিদদের মধ্য হতে ফলাফল ভিত্তিক স্থান অর্জনকারী প্রথম ৫ জন করে বিদেশি এলিট পুরুষ ও মহিলা এবং ৫ জন করে সাফ পুরুষ ও মহিলা ফুল ম্যারাথনারকে আকর্ষণীয় সম্মাননা প্রদান করা হবে। একইভাবে প্রথম ১৫ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি ফুল ম্যারাথনার এবং ১০ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি হাফ ম্যারাথনারদের আর্থিক সম্মাননা প্রদান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত