১৭তম শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৪০ পিএম

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিটকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এনটিআরসিএ সূত্র জানায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ মেধাতালিকা অনুযায়ী পরবর্তী সময়ে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা নিয়ে টেলিটকের সঙ্গে বৈঠক করে এনটিআরসিএ। এতে জাতীয় মেধাতালিকার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কবে এ মেধাতালিকা প্রকাশ হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়।

গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত