পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। এবার তিনি বিপিএলে খেলতে এসেছিলেন ফরচুন বরিশালের হয়ে। তিনটি ম্যাচ খেলেই তিনি নিয়েছেন বিদায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে গেলেও পরবর্তী সন্দেহ ছড়ায় ফিক্সিং কাণ্ডের। ঢাকা পর্বে তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে চতুর্থ ওভার করতে এসে পরপর তিনটি নো বল করেন তিনি। আর সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করে দলটি। বরিশাল স্বত্বাধিকারী মিজানুর রহমান নিজেও এ নিয়ে গণমাধ্যমে সন্দেহ প্রকাশ তুলেছিলেন। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি।
খুলনা টাইগার্সের বিপক্ষে মালিক সেই ওভারে তিনটি নো বলসহ ১৮ রান খরচা করেন। আর সেটা দেখেই তিনি সন্দেহ প্রকাশ করেন। এমনকি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে আইসিসির দুর্নীতি দমন ইউনিটেরও দৃষ্টি আকর্ষণ করেছিলেন। টিভি চ্যানেলে ফরচুন বরিশালের মালিক বলেন, ‘এটা (শোয়েবের তিনটি নো বলের) তদন্ত করা উচিত। যদি এটা (এসিইউ তদন্ত) করা হয় তাহলে ভালো হবে, কারণ একজন অফ স্পিনারের এক ওভারে তিন নো বল আমার কাছে সত্যিই অযৌক্তিক মনে হচ্ছে এবং আমরা সেখানে ম্যাচটি হেরেছি।’
তবে আজ শুক্রবার দলের ফেসবুক পেজে প্রকাশ প্রকাশিত ভিডিওতে মিজানুর বলেন, ‘গত কয়েকদিন ধরে শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনছি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সে একজন ভালো খেলোয়াড় এবং সে আমাদের দলের জন্য তার সেরাটা দিয়েছে। তাই আমরা এটা নিয়ে আর আলোচনা করতে চাই না।’
পরে এ নিয়ে ক্রিকবাজের সঙ্গেও কথা বলেন মিজানুর। ক্রিকেটভিত্তিক এই সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, কারণ আমি কেবল আমার চিন্তাভাবনাগুলি তাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম। কিন্তু তারা সেটি প্রচার করে নিয়েছে। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি বা ধারণা করি। তার মানে এই নয় যে সেটাই বাস্তব। তবুও আমি মনে করি, আমার এভাবে কথা বলা উচিত হয়নি।’
