পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ ক্ষতিকারক পলিথিন জমা দিয়ে অর্ধশতাধিক শীতার্ত শিশু পেয়েছে কম্বল। শুক্রবার (২৬ জানুয়ারি) উপজেলার বড়মাছুয়া আশ্রায়ণের প্রায় অর্ধশতাধিক শীতার্ত শিশুদের মাঝে স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন’ কম্বল বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠণটির প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল অভি, তরুণ স্বেচ্ছাসেবী সংগঠক মাছুম বিল্লাহ, নাসরুল, সোহেল ইসলাম, আবু হেনা রনি প্রমুখ।
কম্বল পেয়ে শিশু মনির বলেন, ‘আমাগো এলাকায় এবার অনেক শীত। আমরা দুই ভাই একটা কম্বল গায় দেতাম এহন দুইজনার দুইডা কম্বল অইচে। আমরা পলিব্যাগ টোহাইয়া হেইয়া দিয়া কম্বল পাইছি।’
আশ্রয়ণের বাসিন্দা মো. বিপ্লব আকন বলেন, পলিথিনের বিনিময় কম্বল পেয়ে শিশুরা অনেক খুশি হয়েছে। পাশাপাশি আমরা পলিথিন ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি। আমারা পলিথিন ব্যবহার কমিয়ে দেব।
স্বপ্নের মুক্তি ফাউন্ডেশ’র পরিচালক আবদুল্লাহ আল অভি জানান, পরিবেশ সুরক্ষায় শিশুদের সচেতন করার লক্ষ্যে পলিব্যাগের বিনিময়ে কম্বল উপহার ‘উষ্ণতার ছোয়া প্রকল্প’ একটা সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুরা পরিবেশ সুরক্ষায় সচেতন হবে।
