এবার ভারতের বিরুদ্ধে গুপ্তহত্যা বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিষয়টি পাকিস্তান কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকেও অবহিত করেছে। তবে ভারত এই অভিযোগ নাকচ করে দিয়ে একে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কয়েক মাস আগেই কানাডা থেকে অভিযোগ আসে সেখানে শিখ নেতাকে হত্যায় ভারত জড়িত। তবে বরাবরই সেই অভিযোগ নাকচ করে দিয়েছে দিল্লি। এবার একই রকম অভিযোগ এল পাকিস্তানের পক্ষ থেকে।
গত বৃহস্পতিবার ইসলামাবাদ দাবি করে, পাকিস্তানের মাটিতে দুটি হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্ট জড়িত— এমন প্রমাণ তাদের হাতে আছে। এর জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন অভিযোগ ভারতের বিরুদ্ধে অপপ্রচার।
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের রাওয়ালাকোট শহরে খুন হন রিয়াজ আহমেদ নামের এক ব্যক্তি। পরের মাসেই শিয়ালকোটে হত্যা করা হয় শহিদ লতিফ নামের আরেকজনকে। নিহত দুজনের ব্যাপারে বিস্তারিত জানায়নি ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়, এই হত্যাকাণ্ড সার্বভৌমত্বে আঘাত। মন্ত্রণালয়ের পররাষ্ট্রসচিব মুহাম্মাদ সাইরাস কাজি বলেন, ‘আমাদের কাছে ডকুমেন্টারি, আর্থিক ও ফরেনসিক প্রমাণাদি রয়েছে। তাতে দেখা গেছে, ভারতীয় দুই এজেন্ট আছেন নেপথ্যে।’
পাকিস্তানের পররাষ্ট্র সচিবের দাবি, তাদের দুই নাগরিককে হত্যার পদ্ধতিও কানাডা এবং যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কোনো হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেনি। তবে পাকিস্তানকে সন্ত্রাসবাদ ও বিভিন্ন অপরাধের চারণভূমি হিসেবে আখ্যা দিয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভারত এবং অন্যান্য অনেক দেশ প্রকাশ্যে পাকিস্তানকে এই বলে সতর্ক করেছে যে, পাকিস্তানকে তাদের সন্ত্রাস ও সহিংসতার নিজস্ব সংস্কৃতিই গ্রাস করবে।’
