গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে আইসিজের নির্দেশ কার্যকরের আহ্বান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে আইসিজের নির্দেশ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ শনিবার সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।

সভার শুরুতে তিনি গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশকে স্বাগত জানান। তিনি অনতিবিলম্বে এই আদেশ বাস্তবায়নে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আইসিজের আদেশে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অন্যায় যুদ্ধ ও আগ্রাসন বন্ধের কথা সরাসরি না থাকলেও রায়ের বিভিন্ন ধারা কার্যকরী করতে হলে ইসরায়েলকে এই অন্যায় আগ্রাসী যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আইসিজের রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদীদের মদদে গাজায় ইসরায়েল যে পরিকল্পিত গণহত্যা চালিয়ে যাচ্ছে তা উল্লেখ করা হয়েছে। তিনি আইসিজের এই রায় বাস্তবায়ন করতে অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসী যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, শহীদুজ্জামান লাল মিয়া, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আইয়ুব আলী, নীলুফার ইয়াসমিন, আবুল কালাম আজাদ, সাবিনা ইয়াসমিন, কবি জামাল সিকদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত