দেশের ৪৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে সংস্থাটি বলছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আজ রবিবার (২৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কুমিল্লা, সীতাকুণ্ড ও মৌলভীবাজার জেলা এবং রংপুর বিভাগের ৮টি, রাজশাহী বিভাগের ৮টি, ঢাকা বিভাগের ১৩টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৪টি জেলাসহ মোট ৪৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।