৯ মাস পর ইমরানের আহ্বানে ফের সমাবেশে পিটিআই, চলছে ধরপাকড়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে আজ (রোববার) থেকে মাঠে নামছে দলটি। এর আগে সর্বশেষ গত বছরের ৯ মে নিজেদের শক্তি প্রদর্শন করে দলটি।

এর মাধ্যমে বড় শক্তি প্রদর্শন করতে চায় দলটি। রবিবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের আহ্বানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মনোনীত প্রার্থীরা এবং কর্মীরা গত বছরের ৯ মের পর প্রথমবারের মতো আজ দেশব্যাপী শক্তি প্রদর্শন করবে।

দলের কেন্দ্রীয় তথ্য সম্পাদক রওফ হাসান ডনের সাথে কথা বলার সময় বলেছেন, ‘আমরা টিকিটধারীদের দুপুর ২টায় তাদের নির্বাচনী এলাকায় সমাবেশ ও জনসভা করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছি। তারা ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবে। একইসঙ্গে এই বার্তা দেবে যে, পিটিআই কাউকে তার স্থান দখল করতে দেবে না।’

একই দিন দলটি ১৫৮ পৃষ্ঠার ইশতেহার প্রকাশ করবে। যেখানে পাকিস্তানের সব ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলের নেতা ফিরদৌস শামীম নাকভি। এর আগে এ সপ্তাহের শুরুতে ইমরান খান রবিবার থেকে সারাদেশে সব প্রার্থীদের রাজপথে নামতে নির্দেশ দিয়েছিলেন। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা সমাবেশ করবে না তাদের টিকিট বাতিল করা হবে।’

অবশ্য মাঠে নামার এই ঘোষণা বেশ কয়েকজন প্রার্থীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ তারা গ্রেপ্তার এড়াতে ইতোমধ্যেই বিভিন্ন স্থানে লুকিয়ে আছেন। রবিবার বাইরে বের হলে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলেও আশঙ্কা করছেন তারা। তবে তথ্য সম্পাদক রওফ হাসান বলেন, গ্রেপ্তারের ভয় ছাড়াই সারাদেশে সমাবেশ করার জন্য সব পর্যায়ের নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে।

সর্বশেষ প্রতিবেদনে ডন জানিয়েছে, লাহোরে সমাবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন পিটিআইয়ের নেতা ও সাবেক মন্ত্রী হামাদ আজহারের বাবা মিয়া আজহার (৮২)।

সামাজিক মাধ্যম এক্সে হামাদ লিখেছেন,’ সমাবেশ করা গণতান্ত্রিক-সাংবিধানিক অধিকার। কিন্তু পাকিস্তান আজ সম্পূর্ণ এক ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে মানবাধিকার ও আইনের শাসন শূন্যে নেমে এসেছে।’

এছাড়াও দেশজুড়ে পিটিআই নেতা-কর্মীদের সমাবেশে বাধা দেওয়ার কথা এক্স পোস্টে শেয়ার করছে ইমরান খানের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত