কথাশিল্পী জাকির তালুকদার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিয়েছেন।
আজ রবিবার (২৮ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে বাংলা একাডেমি বরাবর এক লাখ টাকা অর্থমূল্য ফেরতের ব্যাংক চেকের ছবি পোস্ট করেন।
পুরস্কার ফেরত প্রসঙ্গে লেখক বলেন, 'আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি। তা দু-এক দিনের মধ্যেই মহাপরিচালক সাহেব পেয়ে যাবেন।'
'কেন পুরস্কার ফেরত দিলেন'- এমন প্রশ্নের জবাবে লেখক বলেন, বাংলা একাডেমির অগণতান্ত্রিকতা, আমলাতান্ত্রিকতা, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমার এই পুরস্কার ফেরত দেওয়া। প্রতিষ্ঠানটিতে আড়াই দশকব্যাপী কার্যনির্বাহী পরিষদের কোনো নির্বাচন না হওয়া, ইচ্ছেমতো নিজেদের পছন্দের লোকদের নিয়ে অ্যাডহক কমিটি তৈরি করে রাখা, ইচ্ছামাফিক পুরস্কার কমিটি করে রাখা- এসব কিছুর কারণে বাংলা একাডেমির মান অনেক নিচে চলে গেছে। বাংলা একাডেমি সম্পর্কে মানুষের সম্মানবোধ অনেক কমে গেছে। যখন প্রতিষ্ঠানের সম্মান কমে যায় তখন পুরস্কারের মূল্য আর থাকে না। এ কারণেই আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি।'
