কুয়াকাটা সমুদ্র সৈকতে মদ খেয়ে মাতলামি করে পর্যটকদের শান্তি বিনষ্ট করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম সমুদ্র সৈকত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর এসআই আতোয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সৈকতের পশ্চিম পাশে কয়েকজন যুবক মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্ত করছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ আবু সাহদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, আসামিরা মাতাল হয়ে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের মারতে উদ্ধত হচ্ছে। উক্ত সংবাদে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ ও স্থানীয় সাক্ষীদের সম্মুখে আসামিরা মাতলামি করা এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পর্যটকদের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের তাৎক্ষণিক কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মাদকদ্রব্য (H/O Allegation Of Alcohol Taking) সেবন করেছে মর্মে চিকিৎসা পত্রে উল্লেখ করেন।
পরে এসআই আতোয়ার রহমান বাদি হয়ে মহিপুর থানায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহিপুর থানার মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাগুরার, মুশফিকুর রহমান সজল(২৭) বরিশালের, আমিনুল ইসলাম মুন্না (২৭) ও ফাহিম হোসেন (২৪)।
এসময় গ্রেপ্তারকৃত সজলের সাথে কথা বলতে চাইলে তিনি অতিরিক্ত মদ্যপানকরে মাতাল থাকায় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
