নিরাপত্তা জোরদারের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটার এলাকায় ১ হাজার ৪২৭টি ক্যামেরা বসানো হচ্ছে। ৪৯০টি পিলারে এসব ক্যামেরা বসানো হচ্ছে। আগামী মাসের মধ্যে ক্যামেরা চালু সম্ভব হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে ফেনী মহিপাল হাইওয়ে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এসব ক্যামেরা যেকোনো ধরনের অপরাধ শনাক্ত করতে এবং কন্ট্রোলরুমে তাৎক্ষণিক সতর্ক সংকেত পাঠাতে সক্ষম। এটি চালু হলে মহাসড়কের নিরাপত্তা আরও জোরদার হবে। এছাড়াও মহাসড়কে চলাচলরত গাড়ি ও যাত্রীদের নিরাপত্তা ছাড়াও দুর্ঘটনা ও অপরাধ কমাতে এসব ক্যামেরা সহায়ক হবে। ক্যামেরার ফুটেজ মামলা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কমিউনিটি পুলিশিং কুমিল্লা জোনের সভাপতি জাফর উদ্দিন ও ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী।
