রাজধানীর গুলশান খিলক্ষেত এলাকার একটি ভবনে রাসেল আহমেদ (৩২) নামে এক গাড়িচালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেন নিহতের পরিবার ও সহকর্মীরা।
রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গুলশান-১, নিকেতন ব্লক এফ, রোড নাম্বার ১২, ১১ নম্বর ভবনের পঞ্চম তলায় এঘটনা ঘটে।
রাসেলের বাড়ি শরিয়তপুরের ডামুড্ডা উপজেলার চরবয়রা গ্রামে। বাবার নাম মো. খোরশেদ। নিকেতনের ওই ভবনে চিশতী গ্রুপের গাড়িচালক ছিলেন তিনি।
প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, রবিবার রাতে সহকর্মীরা তার রুমের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে আশপাশের ভাড়াটিয়া এবং দারোয়ানের মাধ্যমে দরজা ভাঙা হয়। এরপর ভেতরে তাকে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত রাসেলের ছোট ভাই মো. ফয়সাল আহমেদ জানান, সাত-আট মাস আগে তার বড় ভাই রাসেল বিয়ে করেছেন। তবে তার স্ত্রীর নানা সমস্যা থাকার কারণে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। গত দেড় মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন রাসেল। রবিবার রাতেও পরিবারের সাথে ফোনে কথা বলেন তিনি। এর কিছুক্ষণ পরেই তার সহকর্মীরের মাধ্যমে জানতে পারেন, গলায় ফাঁস দিয়েছেন তিনি। পরবর্তীতে ঢাকা মেডিকেলে গিয়ে তার লাশ দেখতে পান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি গুলশান থানায় অবগত করা হয়েছে।