চলতি মৌসুম শেষে, জুনের ৩০ তারিখ বার্সেলোনার দায়িত্ব ছেড়ে দেবেন জাভি। শনিবার ভিয়ারিয়ালের সঙ্গে ৫-৩ গোলে হারের পর নিজের মুখেই ঘোষণা দিয়েছেন। সেই থেকে শুরু হয়ে গিয়েছে জল্পনা-কল্পনা। কাতালান ক্লাবটির নতুন বস হবেন কে? এ রকম সময়ে বিভিন্ন সূত্র থেকেই ভেসে আসতে থাকে বিভিন্ন নাম। ওজনে ভারি নামগুলো আকৃষ্ট করে সমর্থকদেরও। তেমনি দুটো নাম উঠে এসেছে নতুন বার্সা বসের তালিকায়। দুজনই জার্মান, হ্যানসি ফ্লিক ও টমাস টুখেল।
হ্যানসি ফ্লিকের বার্সা বস হয়ে আসার গুঞ্জন বেশ পুরনো। জাভি দায়িত্ব নেওয়ার আগেও ফ্লিককে স্পেনে আনতে চেয়েছিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। ২০২১ সালে সেবার লাপোর্তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বায়ার্ন ও জার্মান জাতীয় দলের সাবেক এ কোচ। বিল্ড স্পোর্টের তথ্যমতে বর্তমানে কোথাও দায়িত্ব পালন না করা ফ্লিককে তাই এ কাজের জন্য আবারও চাপ দিতে যাচ্ছেন লাপোর্তা। ফুটবল কোচিংয়ে ফিরে আসার পাশাপাশি ফ্লিক নিজেও জার্মানির বাইরে বিদেশি কোনো লিগে কোচ হওয়ার উৎসাহ দেখিয়েছেন। এমনটা হলে বার্সা কোচ হিসেবে তার নামটি সম্ভাব্য তালিকার উপরের দিকেই থাকবে।
তবে বর্তমান বায়ার্ন কোচ টমাস টুখেলের মন্তব্যের ভিত্তিতে তার বার্সায় আসার সম্ভাবনার ডানা মেলছে। জাভির দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণার পরই হেইডেনহেইমে বায়ার্নের ফ্যান ক্লাব ‘রেড স্টার’ পরিদর্শনের সময় টুখেল বলেন, ‘বাইরের দেশে দায়িত্ব পালন করতে যাওয়া আমাকে বেশ টানে। স্পেনের লিগটাও দুর্দান্ত। স্প্যানিশদের সঙ্গে কাজ করা অভিজ্ঞতা থেকে দেখেছি যে তারা প্রচন্ডভাবে আত্মবিশ্বাসী। স্প্যানিশ কোনো খেলোয়াড়ের সঙ্গে আলাপ করতে গেলে সহজেই সেই মানুষটার সঙ্গে সংযোগ ঘটানো যায়।’
৫০ বছর বয়সী টুখেল অবশ্য বায়ার্নের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তিবদ্ধ। এর আগে মেইনজ ও বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্ব পালন শেষে ইংলিশ লিগে চেলসিকে চ্যাম্পিয়নস ট্রফি জেতান টুখেল। পিএসজিতেও কিছুদিন সময় কাটিয়ে ফের জার্মানিতে ফেরেন টুখেল। টুখেলের সঙ্গে কাতালান ক্লাবটির যোগাযোগের খবর শোনা গেছে গোল ডট কমের বরাতে।
এ তালিকায় রাফায়েল মার্কেজ, থিয়াগো মোতার নামও্ উঠে এসেছে। দলবদলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো লুই ফিগোকে রেখেছেন সম্ভাব্য এ তালিকায়।
