কোচ পদে রদবদল শেখ জামালের, মারজান আউট মিন্টু ইন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম

তারকা ফুটবলার দলে ভেড়ানোর পর উঁচু মানের কোচ নিয়োগ দিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত মৌসুম শুরুর আগে ইউরোপিয়ান কোচ আনার কথা দিয়েছিল ক্লাবটি। কথা রাখতে গিয়ে এনেছিল মেসিডোনিয়ান কোচ মারজান সেকুলোভস্কিকে। তবে মৌসুম শেষ করার আগে পারিবারিক জটিলতার কারণে বিদায় নিয়েছেন এই কোচ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে শেখ জামাল। সেখানে তারা বলেছে জরুরী পারিবারিক কারণে তিনি নিজ দেশে ফিরে যাচ্ছেন। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, তার সমস্যাটা লম্বা সময়ের। সেটা সমাধান হতে সময় লাগবে। আর তাই সমঝোতার মাধ্যমে ক্লাব ও কোচের সম্পর্ক ছিন্ন হয়েছে। 

পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে মারজান ছুটি নিয়েছিলেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু জানুয়ারি পাড় হতে চললেও তার সমস্যা এখনও সমাধান হয়নি। সেটা শেষ হতে হতে মার্চের মধ্যবর্তী সময় লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে আবার ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে শেখ জামালের ৫টি ম্যাচ। যা কোচ ছাড়া চালিয়ে নেওয়া কর্মকর্তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে জানতে চাইলে শেখ জামালের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমে মানবিক কারণে তাকে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু সমস্যাটা লম্বা সময়ের। একটা পেশাদার ক্লাবের জন্য যা চিন্তার কারণ। তাই উভয় পক্ষ বৈঠকে বসেই সমঝোতার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়েছে।’

ইউরোপিয়ান কোচকে বিদায় জানানোর পর এবার দেশি কোচের শরণাপন্ন হয়েছে শেখ জামাল। জুলফিকার মাহমুদ মিন্টুকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ধানমন্ডির এই ক্লাবটি। মিন্টু গত মৌসুমে শেখ রাসেলের কোচ ছিলেন। এই মৌসুমে তিনি অবশ্য ফ্রি অ্যাজেন্ট ছিলেন। আর সুযোগটা কাজে লাগিয়ে চলতি মৌসুমের বাকিটা সময়ের জন্য তার হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছে শেখ জামাল ক্লাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামালের অবস্থান পয়েন্ট তালিকার ৫ নম্বরে। ২ জয় আর আর ৩ পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত