ইন্ডিয়ান ওমেন্স লিগে ধুকছে ইস্ট বেঙ্গল। তারা আছে সাত দলের লিগে ছয় নম্বরে। বাংলাদেশ তারকা সানজিদা আক্তার নেমেও সেই দুর্গতি থেকে মুক্তি দিতে পারেননি ইস্ট বেঙ্গলকে। তলানীতে থাকা স্পোর্টস ওড়িশার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইস্ট বেঙ্গল। তবে না হারার তৃপ্তি নিয়ে ভারতীয় লিগে অভিষেক হয়েছে সানজিদার। ইস্ট বেঙ্গল ক্লাব সানজিদাকে ১০ নম্বর জার্সি দিলেও তিনি পুরোটা ম্যাচ খেলেছেন নিজের প্রিয় রাইট উইঙ্গ পজিশনে। একবার গোলেরও ভালো সুযোগ তৈরি করেছিলেন। তবে স্পোর্টস ওড়িশার ডিফেন্সের দৃঢ়তায় গোল পাননি বাংলাদেশ নারী ফুটবল দলের এই তারকা।
পুরো ম্যাচেই ডান দিকে বারবার আক্রমনে ওঠার চেষ্টা করেছেন সানজিদা। তবে সতীর্থদের কাছ থেকে সেভাবে সহায়তা না পাওয়ায় গোল পাননি। ম্যাচের ৮৫ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের হাটু এসে লাগে সানজিদা মাথার পেছনে। তাতে তাকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে আবার খেলায় ফেরেন তিনি। একেবারে শেষদিয়ে ওড়িশা ভালো জায়গায় ফ্রি-কিক পেয়েও গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচটা শেষ হয় গোলহীন অবস্থায়।
সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গলকে ছয়েই থাকতে হচ্ছে। আর স্পোর্টস ওড়িশা সাতে থাকছে দুই পয়েন্ট নিয়ে। ৫ ফেব্রুয়ারি সানজিদার ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিকস্টার্ট ফুটবল ক্লাবের। সোমবার সাবিনার দল ৫-১ গোলে হেরেছে হোপস ফুটবল ক্লাবের কাছে। তাতে তাদের শিরোপা স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গেছে।
