১২ দলীয় জোটের নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল পথ ও উপায় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জাতির সামনে আরেকটি মুক্তিযুদ্ধের ডাক দেওয়া ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে তারা এমন মন্তব্য করেন।
এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে বিজয়নগর থেকে কালো পতাকা মিছিল বের করে দলটি। মিছিলটি পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই সমাবেশ করে দলটি।
এতে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. শফি উদ্দিন ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিমসহ ১২ দলীয় ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া সাংসদদের নিয়ে আজ অবৈধ সংসদ অধিবেশন বসছে। এই নীতিবর্জিত প্রহসনের সংসদকে দেশবাসীসহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি এই সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা হোক।
বক্তারা বলেন, প্রহসনের মাধ্যমে এই জালিয়াতির নির্বাচন গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশকে বাকশালী ধারায় ফিরিয়ে এনেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে রক্ষা করতে দেশের জনগণ লড়াই চালিয়ে যাবে।
বক্তারা আরো বলেন, ইতিহাসের ভয়াবহতম বিপর্যয়ের মুখে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনাধারীদের দ্বারা গণতন্ত্র বিলুপ্ত, মুক্তিযুদ্ধের সহায়তাকারী বন্ধুরাষ্ট্র কর্তৃক স্বাধীনতা সার্বভৌমত্ম হুমকির মুখে পড়েছে। তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী সিন্ডিকেট লুটেরারা লুটপাট করে দেশের অর্থনীতিকে রক্তশূন্য ফ্যাকাসে রোগী বানিয়ে ফেলেছে। ব্যাংকগুলো খোকলা করে ফেলেছে। বিদেশি ঋণের পাহাড়ের নিচে থাকা দেশকে দেউলিয়া বানানোর নব্বইভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী
ফের ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু