বিশ্বের ১১০টি শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর ২৪৪। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। একইসময়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের শহর দিল্লি। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ জানা গেছে। এই সময়ে সবচেয়ে ভালো বাতাস বিরাজ করছে কানাডার ভ্যানকুভারে।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। এই শহরের স্কোর ২১০ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীনের চেংদু ও ভারতের কলকাতা। শহর দুটির বাতাসের স্কোর যথাক্রমে ১৮১ ও ১৭৭।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
