সুপার সিক্সে নেপালের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম

সামনে সমীকরণের মারপ্যাচ। কাগজে-কলমে ব্যাকফুটে থাকা বাংলাদেশের সামনে সুযোগ আছে ঠিকই। সেজন্য প্রথমে টপকাতে হবে নেপাল বাধা। থাকবে রানরেট যতটা সম্ভব বাড়িয়ে নেয়ার চ্যালেঞ্জ। সুপার সিক্সের প্রথম ম্যাচে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই বদল নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

ব্লুমফন্টেইনে এসব হিসাব-নিকাষ নিয়ে ভাবতে না চাইলেও ভাবতে হচ্ছে বাংলাদেশকে। যদিও নিজেদের পারফরম্যান্সেই মনোযোগ যুবা টাইগারদের। টস জিতলে রান তাড়া করতেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী। তবুও তার কন্ঠে আছে আত্মবিশ্বাস। জানিয়েছেন, 'আমরা আসলে প্রসেস নিয়ে ভাবছি ম্যাচের ফল নিয়ে ভাবছি না। ফরম্যাটটার কারণে আমরা একটু ব্যাকফুটে আছি, তবে এসব নিয়ে ভাবছি না। আমরা জানি আমাদের হাতে দুটো ম্যাচ আছে, দুটোই জেতার চেষ্টা করব। পরেরটা পরে দেখা যাবে। আপাতত নেপাল ম্যাচ নিয়ে ভাবছি'।

২০১৬ সালের যুব বিশ্বকাপে নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। নেপালিদের ৯ উইকেটে ২১১ রানের সংগ্রহ বাংলাদেশ তাড়া করে জিতেছিল ১০ বল ও ৬ উইকেট হাতে রেখে। ম্যাচসেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

তবুও নেপাল ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে গ্রুপপর্বেই ভারতের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতি। ওই এক ম্যাচের জের টানতে হচ্ছে পুরো টুর্নামেন্টে। বিশেষ করে ভারত-পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায়।

দুই পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করেছে বাংলাদেশ। টেবিলে স্থান তিনে, রানরেট -০.৬৬৭, দুইয়ে থাকা পাকিস্তানের রানরেট ১.০৬৪। এমন অস্বস্তির বিপরীতে আছে একটা স্বস্তির খবরও। নেপালের বিপক্ষে রানরেট বাড়িয়ে নিতে পারলে, পাকিস্তানকে হারানোর প্রত্যয় আরও দৃপ্ত হবে। তার আগে এই ম্যাচ চাই একটি দাপুটে জয়। ৩ ফেব্রুয়ারি সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে যুব টাইগাররা।

বাংলাদেশ একাদশ:

আশিকুর রহমান শিবলী (কিপার), জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

নেপাল একাদশ:

অর্জুন কামাল, বিপিন রাওয়াল (কিপার), আকাশ ত্রিপাঠি, দেব খানাল (অধিনায়ক), বিশাল বিক্রম, গুলশান ঝা, দীপক বোহারা, দিপেশ কান্দেল, সুবাশ ভান্ডারি, আকাশ চান, দুর্গেশ গুপ্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত