কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন। বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ে নাজিয়া হাশেম তানজি।
দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে কুমিল্লা-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে পরাজিত হন আবুল হাশেম খান। অবশ্য ভোটগ্রহণের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে এবারের নির্বাচনে একদিনও প্রচারণায় নামতে পারেননি আবুল হাশেম খান। এর আগে ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী এবং ওই আসনের এমপি আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে আবুল হাশেম খানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি।
আবুল হাশেম খান ব্যক্তিগত জীবনে তিন মেয়ে ও এক ছেলের জনক। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুস ছালাম বেগ জানান, বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে, বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণ, দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া সদর, বাদ জোহর বুড়িচং সদর ও বাদ আসর তার গ্রামের বাড়ির গিলাতলায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আবুল হাশেম খান
আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচং উপজেলার উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। পরে ১৯৮৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিন বছর পর সাধারণ সম্পাদক হন। ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করা হয়।
২০১৯ সালে কমিটি গঠন হলে পুনরায় সভাপতির দায়িত্ব পান এই রাজনীতিবিদ। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।
