টিআইবির প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য নেই: দুদক সচিব

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) নীতিমালা অনুযায়ী দুর্নীতি ধারণাসূচক (সিপিআই) প্রণয়নে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটিকে ‘অস্পষ্ট’ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুদক কার্যালয়ে সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দুদক সচিবন বলেন, তাদের সব কিছুতেই ধোঁয়াশা। কোথা থেকে কতটুকু তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সেটি পরিষ্কার না। কোন কোন বিষয়ের ওপর কী কী প্রক্রিয়ায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেছে যেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনও উল্লেখ নেই। সুতরাং টিআইবির ধারণাসূচকের বিষয়ে দুদকের পক্ষে মন্তব্য করার কোনও অবকাশ নেই।

দুদক টিআইবির প্রতিবেদন আমলে নিচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক সচিব বলেন, দুর্নীতি দমন কমিশন টিআইবির প্রতিপক্ষ না। দুদক তার আইন অনুযায়ী কাজ করছে। টিআইবি একটি বেসরকারি প্রতিষ্ঠান, তার একটি পারসেপশন প্রকাশ করেছে। সেটি তার করতেই পারে।

তিনি জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) নীতিমালা অনুযায়ী দুর্নীতি ধারণাসূচক (সিপিআই) প্রণয়ন করা হয় কয়েকটি জরিপের ওপর ভিত্তি করে। এই জরিপগুলোতে মূলত ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকবৃন্দের ধারণার প্রতিফলন ঘটে থাকে। এ ক্ষেত্রে তারা কী বিবেচনায় নিয়েছে সেটির ব্যাখ্যা নেই।

রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ হলো নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ (জাতীয় সংসদ)। এদের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। এ বিষয়ে সরকার মন্তব্য করতে পারে বলেও মন্তব্য করেন দুদক সচিব।

মাহবুব হোসেন বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ২০২৩ সালের সিপিআই নির্ধারণের জন্য মোট ৮টি (আট) জরিপ নির্ধারিত হয়েছে। তার কোন কোন বিষয়ে জরিপ করেছে এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত