চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিনের ক্লিপ ভেঙে ১৪টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় বগি রেখেই ট্রেনের ইঞ্জিন ছুট যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার উত্তরে ইয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, পৌরসভার উত্তরে ইয়াকুব নগর ১৪টি বগি প্রায় দুঘণ্টা আটকে ছিল। চট্টগ্রাম থেকে পুনরায় ইঞ্জিন আসে। এরপর বগিগুলো উদ্ধার করে উল্টো পথে সীতাকুণ্ড স্টেশনে আনা হয়। এক ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেস রওনা দেয়। ক্লিপ ছিঁড়ে যাওয়া ইঞ্জিনটি উদ্ধার করে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে। ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেলেও বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
