রাজবাড়ীর গোয়ালন্দে মাটিবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর মকবুলের দোকান এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তাদের বাড়ীতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল।নিহতদের মেজ ভাইয়ের আজ বিয়ে এবং ছোটভাইয়ের বিয়ে শুক্রবার। দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে তারা মোটরসাইকেল নিয়ে গাজীপুর থেকে আসছিল। পথিমধ্যে ঘাতক ট্রাক কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক হেলপার পালিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খানখানাপুর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলম খান বলেন, নিহতদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একভাই গাজীপুর থেকে আসছিল। অন্য ভাই দৌলতদিয়া ঘাট থেকে তাকে এগিয়ে নিয়ে আসার সময় খানখানপুর মকবুলের দোকান এলাকায় বুধবার দিবাগত রাত ১২টার দিকে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় তাদের মৃত্যু হয়।
খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, আজ তাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে তারা গাজীপুর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসছিল। এমন সময় মাটির ট্রাক চাপায় তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একসাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
