বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগ দিলেন সায়মা ওয়াজেদ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।

আজ বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতের দিল্লির কার্যালয়ে যোগ দিয়েছেন। তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি এবং বিশ্বে দ্বিতীয় নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সম্মানজনক পদে যোগ দিলেন।

কোনও বাংলাদেশি নাগরিকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরকম মর্যাদাপূর্ণ পদে যোগদান উপলক্ষে সায়মা ওয়াজেদকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১ নভেম্বর তারিখে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরডি নির্বাচনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ১০টি দেশের মধ্যে ৮-২ ভোটের বিপুল ব্যবধানে আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হন। পরে সুইজারল্যান্ডের জেনেভায় ২২-২৭ জানুয়ারি অনুষ্ঠিত ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডের ১৫৪তম অধিবেশনে সায়মা ওয়াজেদের এ মনোনয়ন অনুমোদন করা হয়। এর ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার ভারতের দিল্লিতে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বভার গ্রহণ করেন। সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিদায়ী আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুভেচ্ছা বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য নিয়ে বহু আগে থেকেই কাজ করা একজন অভিজ্ঞ মানুষ। বিশ্বের বহু দেশের নেতারা তাকে অটিজম বিশেষজ্ঞ হিসেবেই চেনেন। আর একজন বাংলাদেশি হিসেবে এই রকম দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়াটা আমাদের জন্য একটি বিরাট অর্জন ও সম্মানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব থেকে বড় দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে তার যোগদানে বাংলাদেশের স্বাস্থ্যখাত নিঃসন্দেহে আরও মজবুত ভিত্তিতে দাঁড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সায়মা ওয়াজেদ শুধু আমাদের প্রধানমন্ত্রীর কন্যাই নন, তিনি অটিজম নিয়ে কাজ করা বিশ্বব্যাপী আলাদাভাবেও একজন পরিচিত মুখ। তিনি (সায়মা ওয়াজেদ) জানেন কিভাবে কাজ করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। নিশ্চয়ই আগামীতে আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত