গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণে শিশুদের স্ট্রলার নিষিদ্ধ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম

আসন্ন হজযাত্রা সামনে রেখে বেশ কিছু নীতিমালা চালু করেছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে গ্র্যান্ড মসজিদের মাতাফ এলাকায় শিশুদের স্ট্রলার নিষিদ্ধ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মাতাফের নিচতলায় বিশেষ করে পবিত্র কাবার আশপাশে যেখানে হজযাত্রীদের চলাচল বেশি, সেখানে শিশুদের স্ট্রলারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই স্থানে নিরাপত্তা বাড়ানো ও ভিড় কিছুটা কমাতেই এই সিদ্ধান্ত।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাতাফের নিচতলায় স্ট্রলার নিষিদ্ধ। তবে মক্কার মসজিদুল হারামের মধ্যে নির্দিষ্ট এলাকায় যেমন মাতাফের উপরের তলায় স্ট্রলার ব্যবহারে বাধা নেই।

সৌদি সরকার বিভিন্ন দেশের সঙ্গে হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধা ও সেবা নিশ্চিতে বেশ কিছু চুক্তি করেছে। হজযাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদুল হারামকে কোডেড জোনেও ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত