বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামের মধ্যে দ্বন্দ্বের কারণে কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন সংগঠনটির সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় দপ্তরের অনুমোদন ছাড়াই আহ্বায়ক একক ক্ষমতাবলে ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব পদে রদবদল, দুজন যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি ও ২২ জনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করেছেন। একজনকে রেখে আরেকজনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়ায় বর্তমানে ওলামা দলে দুজন সদস্য সচিব। এ নিয়ে ওলামা দলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, ওলামা দলে যে রদবদল করা হয়েছে তা বেআইনি ও দলের গঠনতন্ত্র পরিপন্থি। ওলামা দলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে দলের মহাসচিব কমিটি অনুমোদন দিয়ে থাকেন। কিন্তু ওলামা দলের নেতারা কিভাবে রদবদল করলেন তা আমি জানি না। এ ধরনের এখতিয়ার তাদের নেই।
