বিয়ের পরে পেলাম বই ভর্তি আলমিরা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৩ এএম

১৯৯৮ সালে আবদুল্লাহ আল মামুনের চিঠি টিভি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটে ফারজানা ছবির। এরপর দুই যুগের বেশি সময় অভিনয় করে গেছেন ছোট ও বড় পর্দায়। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ছবি। লিখেছেন উপন্যাস। পড়া, লেখা ও অভিনয়ের গল্প নিয়ে ফারজানা ছবির মুখোমুখি হয়েছেন মাহতাব হোসেন  

পড়তে পড়তে লেখার আগ্রহ

আমি ছোটবেলা থেকেই বই পড়ি। আমার বাবা খুবই পড়–য়া মানুষ। বাসায় অনেক বই থাকত। এসব বই আমি ছোটবেলা থেকেই পড়তে শুরু করি। বড়দের বই গজেন্দ্রকুমার মিত্রের কলকাতার কাছেই আমি পড়া শুরু করি ক্লাস সিক্সে। এই পড়া থেকে আমার মধ্যে এক ধরনের অনুরণন তৈরি হয়।

গল্পের বীজ তৈরি হলো

যদিও আমি ছোটবেলা থেকেই বই পড়ি, তারপরেও আমার গল্পের ভাবনাগুলো ধীরে ধীরে জমা হতে শুরু করল অভিনয় জগতে এসে। আমি ফেসবুকে টুকটাক গল্প লেখালেখি শুরু করি। মা আমার লেখা পড়েন। বললেন, বই লিখতে। আমাকে একদিন মিজান পাবলিশার্স-এর মিজান ভাই এসে বললেন, এবার আপনাকে পা-ুলিপি দিতে হবে। নানা সময়ে বললেও এবার আর না করার সুযোগ নেই। আমি লিখতে শুরু করলাম, আমার চারপাশের ভাবনা আমাকে আচ্ছন্ন করল আমি লিখলাম।

বিয়ের পরে প্রাপ্তি বই

বিয়ের পরে আমি দুজন মানুষ পেলাম আর আলমিরা ভর্তি অনেকগুলো বই পেলাম। আমাদের নিজের বাসার বইয়ের জগৎ থেকে আমি আরেক জগতে এলাম, এখানেও বই আর বই। আমার শ্বশুরকে পেলাম যিনি প্রচুর পড়েন, তিনি আলমিরা ভর্তি বইগুলো দেখিয়ে বললেন এসব তোমার। আমি বিস্মিত ও অভিভূত হয়েছি। সেই বই পড়া ও যতেœর দায়িত্ব পড়ল আমার কাঁধে। আর আমার স্বামী, তন্ময় সরকার আমাকে লেখালেখির জন্য বরাবর আগ্রহী করে তোলার চেষ্টা করে গেছেন। বলা যায় তার অনুপ্রেরণায় আমি লিখছি।

তরুণদের চোখে সময় ধারণ

আমার পছন্দের লেখকদের মধ্যে রয়েছেন সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রতিভা বসু, আশাপূর্ণা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- এছাড়াও আমি সবধরনের বই পড়িও। তরুণদের লেখা পড়ার চেষ্টা করি। তরুণরা সময়কে ধারণ করার চেষ্টা করে। আমি যেমন আগের লেখকদের লেখা পড়ে সেই সময়টায় পৌঁছতে পারি। ঠিক তরুণদের লেখায় তারা কীভাবে সময় ধারণ করছে সেটা উপলব্ধি করার চেষ্টা করি।

জলছবির গল্প

ভদ্রজীবনের বিকারগ্রস্ততা আর যান্ত্রিক জীবনের আবরণ সামাজিক খোলসে ঢাকা যে জীবনকে প্রশ্রয় দেয়, তার ভেতরটা ফাঁপা। অথচ এই জীবনের মোহ আমাদের ক্রমেই নিষ্পাপ এক জীবনবোধ থেকে দূরে সরায়। এমনই উলঙ্গ বাস্তবতার চক্রে বৃত্তে আবদ্ধ সুতপা, অর্ণব আর ঊর্মি। তবে সম্পর্কের এই গল্পগুলো সরলরৈখিক নয়। জলছবি উপন্যাসটি খুবই সাবলীলভাবে লেখার চেষ্টা করেছি জীবনবোধ ও যাপিত জীবনের গল্প।

যে জীবন অভিনয়ের

সম্প্রতি আমার মুক্তি পাওয়া কাজগুলো হচ্ছে ফ্রাইডে ওয়েব সিরিজ, মা চলচ্চিত্র, মুক্তির অপেক্ষায় রয়েছে হাওর, ওয়েব ফিল্ম সীমানা পেরিয়ে। ধারাবাহিক ‘একটি গ্রাম একটি শহর’ চলছে। এছাড়াও বেশ কয়েকটি খণ্ড নাটক করেছি। একটি নতুন ওয়েব সিরিজের কথা চলছে। আর বইমেলা উপলক্ষে শুটিং খুব কম রাখছি। প্রায় প্রতিদিন মেলায় যাওয়ার চেষ্টা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত