বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০ জানুয়ারি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর অব্যাহতি পত্র জমা দেন। কিন্তু তার পদত্যাগপত্র গ্রহণ করেনি শিল্পী সমিতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী সমিতির মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী।
তিনি বলেন, ‘শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ। আজ সমিতির বেশকিছু বিষয় নিয়ে মিটিং ছিলো। কিছু সিদ্ধান্তও এসেছে। তবে সাইমন সাদিক ভাইয়ের পদত্যাগপত্র শিল্পী সমিতি গ্রহণ করেনি। সুতরাং আগামী নির্বাচন পর্যন্ত এই কমিটির সদস্য থাকছেন।’
এর আগে পদত্যাগের ঘোষণা সাইমন সাদিক বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে একমত হতে পারছি না। সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।
তিনি আরও বলেন, বিদেশি ভাষার সিনেমা আমদানি প্রসঙ্গে আমাদের সমিতি নিরব রয়েছে। এ সব বিষয় নিয়ে মত পার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি (নিজেকে) অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি। অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাবো।
ইরান গেলেন জয়া আহসান