ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম লিংকন দেব নাথ (২২)। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ফতেয়াবাদ পশ্চিম খাগড়িয়া ছড়ারকুল বালুরটাল এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়েন এই যুবক। লিংকন হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নাথপাড়া দুর্গাবাড়ির সুকুমার দেবনাথের ছেলে। নগরের অক্সিজেন এলাকায় মামার মালিকানাধীন একটি ফার্মেসিতে চাকরি করতেন তিনি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ফতেয়াবাদ বালুরটাল এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের ষোলশহর রেল স্টেশন থেকে চবি অভিমুখী শাটল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় লিংকনের। নিহতের লাশ ময়নাতদন্তের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিকনদণ্ডী চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিম জানান, লিংকন মাদকাসক্ত ছিলেন। তাকে চট্টগ্রামের একটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে ভর্তি করেছিল তার পরিবার। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। তার বাবা সুকুমার ক্ষুদ্র ব্যবসায়ী। নাথপাড়ায় তার একটি দোকান আছে। নিহত লিংকন অক্সিজেন এলাকায় তার মামার ফার্মেসিতে চাকুরি করতেন। তবে তিনি বৃহস্পতিবার রাতে কেন নিজের বাড়ি থেকে অন্তত তিন কিলোমিটার দূরে ফতেয়াবাদ বালুরটাল এলাকায় গেলেন সে বিষয়ে তার পরিবার কিছুই জানাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত