বেনোনিতে আজ পাকিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে, তাহলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশ। শীর্ষ দুইয়ে থাকতে হলে রানরেটে পাকিস্তানকে পেছনে ফেলে জিততে হবে বাংলাদেশকে, তাহলেই সেমিফাইনালে দেখা হতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে। এমন সমীকরণ নিয়ে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে মাত্র ১৫৫ রানে বেধে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ কীর্তির পেছনের কারিগর পেসার রোহানত দৌলা বর্ষণ ও স্পিনার শেখ পারভেজ জীবন। এখন বাকি দায়িত্বটুকু শিবলী-জিশান-আহরার-আরিফদের। নেট রানরেটে পাকিস্তানকে টপকে যেতে ১৫৬ রানের লক্ষ্য বাংলার যুবাদের ছুঁতে হবে অন্তত ৩৮.১ ওভারের মধ্যে।
এদিন টসভাগ্য পাশে পেয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী। বলেছিলেন, ‘উইকেটে আদ্রতা আছে, আমাদের বোলাররা সুবিধা পাবে। ভালো প্রস্তুতি নিয়েছি, এবার প্রসেস মেনে চলার চেষ্টা করবো আমরা।’ হয়েছেও তাই। আগের ম্যাচের সেরা খেলোয়াড় বর্ষণের পেসের উত্তর পায়নি পাকিস্তানের ব্যাটাররা। প্রথম স্পেলেই তিনি তুলে নেন তিন শিকার। দ্বিতীয় স্পেলেও দেখান একই ধার। নেন আরও একটি উইকেট। ৮ ওভারে ২৪ রান দিয়ে তার উইকেট সংখ্যা ৪টি।
এরপর আক্রমণে নেতৃত্ব দেন শেখ পারভেজ জীবন। তার করা ১০ ওভারের তিনটিই ছিল মেডেন। ২৪ রানের বিনিময়ে তিনি ফেরান পাকিস্তানের ৪ ব্যাটসম্যানকে। রাব্বী একটি উইকেট পান।
পাকিস্তানের আরাফাত মিনহাস শেষদিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। করেন ৪০ বলে ৩৪ রান। এর আগে শাহজাব করেন ৬৭ বলে ২৬ রান। আলি আসফান্দ করেন ২৯ বলে ১৯ রান।
