‘একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবির মুখ্য বিষয়। এখানে জয় চৌধুরী আমার সঙ্গে অভিনয় করেছেন। আমার সহশিল্পী হিসেবে চমৎকার অভিনয় করেছেন। এই ছবিতে আমাদের রসায়ন চিত্রিত হয়েছে। এখানে কোনো সংশয় বা সংকোচের বিষয় ছিল না। আমাদের এই রসায়ন অনেকের ব্যক্তিগত জীবনেও উপকারে আসবে।’ আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘ট্র্যাপ’ প্রসঙ্গে এমনটাই বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এজন্য শনিবার সন্ধ্যায় নিজের এবি ক্যাফেতে এক বিশেষ আয়োজনে উপস্থিত হয়ে সিনেমার গল্প ও কাজের অভিজ্ঞতা জানালেন নায়িকা। অপু বলেছেন, যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত। কেননা যুগল কিংবা প্রেমিক-প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে। যারা সম্পর্কে থাকেন না, তারা কি এই সিনেমা দেখবে না এই প্রশ্নের জবাবে অপু বলেন, হ্যাঁ, যারা একা তাদের দ্বারা ভুল আরও বেশি হতে পারে। অবশ্যই একা যারা তাদেরও সিনেমা দেখতে হবে।
সিনেমার বাইরে অপু বিশ্বাস এখন ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত। শাকিব খানের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। তবে ব্যক্তিগতভাবে শাকিবের সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা হয় না অপুর। তিনি বলেন, শাকিব তো মাত্র কিছুদিন হলো এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি আরও অনেক আগে। আর সবসময় আমি ব্যক্তিজীবন ও পেশাগত জীবন আলাদাভাবে দেখি। আমার কফি শপ ও এই কসমেটিকসের শো-রুম নিজের মতো করে চালাই। সামনে ব্যবসায়ী হিসেবে অনেকদূর যেতে চাই।
ব্যবসা না অভিনয় কোনটাকে গুরুত্ব দেবেন এমন প্রশ্নের জবাবে অপু বলেন, গত দুই বছর ধরে দেখবেন আমি অভিনয়টাকে গুরুত্ব দিচ্ছি। আমার কাজ অনেক বেড়ে গেছে। একইসঙ্গে আমি ব্যবসাও করছি। অভিনয় আমি নিয়মিত করে যাব সঙ্গে আমার ব্যবসাও চলবে। কোনোটাই কোনোটার জন্য ক্ষতির কারণ হবে না।
আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে ‘ট্র্যাপ’। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।