যারা জিতবে, তারা এক পা দিয়ে রাখবে ফাইনালে। এমন সমীকরণ সামনে রেখে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচটা জয়-পরাজয়ে গড়ালে বিজয়ী দলের জন্য বাকি পথ যতটা সহজ হবে, ঠিক ততটাই কঠিন হবে হেরে যাওয়া দলের ফাইনালের অঙ্ক। এমন ম্যাচের আগে স্বাভাবিকভাবেই দুদলের কোচ ব্যস্ত প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বের করে নিজের মতো জয়ের পরিকল্পনা কষতে। বাংলাদেশের অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটুর ভাবনায় ভারতের আক্রমণভাগ। তাদের রুখতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব মনে করেন তিনি।
এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৩-১ এ গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছে প্রত্যাশিত। সেই জয়ে আত্মবিশ্বাসটাও বেড়েছে অনেক। যা সঙ্গী করে আজ সন্ধ্যায় মাঠে যাবেন আফিদা খন্দকাররা। ভারতের শুরুটাও হয়েছে বিশাল জয়ে। ভুটানকে তারা হারিয়েছে ১০-০ গোলে। নেপালের বিপক্ষে লিগপর্বের শেষ পরীক্ষার আগে তারাই চাইবে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে পা রাখতে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় তাই একটা জমজমাট ম্যাচ হতে যাচ্ছে আজ।
বাংলাদেশ নারী জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ টিটু বলেন, ‘প্রথম ম্যাচ জিতলেও আমাদের সবকিছু প্রত্যাশা অনুযায়ী হয়নি, আরও আধিপত্য বিস্তার করে খেলা উচিত ছিল।’ সেই ভুলগুলো শুধরে ভারতের বিপক্ষে পরিকল্পিত ফুটবল খেলতে দেখার অপেক্ষায় এই অভিজ্ঞ কোচ। ভারতের শক্তির দিক আক্রমণভাগ। এখন সেটাই তার জন্য বড় ভাবনার, ‘ভারতের শক্তিশালী আক্রমণভাগ নিয়ে কাজ করতে হচ্ছে। ওদের ফিনিশিং খুব ভালো। ওদের সাত নম্বর (পুজা) এবং ১১ নম্বর (নেহা) দুজনই খুব ভালোমানের উইঙ্গার। ১০ নম্বর জার্সিধারীও (নিতু লিন্ডা) ভালো। কাজ করতে হচ্ছে তাদের নিয়ে। আমাদের লক্ষ্য থাকবে নিজেদের ঘর সামলে একটা ভালো ফল নিয়ে মাঠ ছাড়ার।’ নেপালের বিপক্ষে বাংলাদেশ গোল পেয়েছিল তিনটি। যার দুটি সাগরিকার। একটি মুমকি আক্তারের। ভারতের আক্রমণভাগ থামানোর পাশাপাশি নিজেদের ফিনিশিং নিয়েও বাড়তি কাজ করতে হচ্ছে টিটুকে।
ভারতের কোচ শুক্লা দত্ত অবশ্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ভুটানকে উড়িয়ে দেওয়ার পর। তিনি বলেন, ‘বাংলাদেশ অবশ্যই শক্তিশালী দল। তারা বয়সভিত্তিক ফুটবলে অনেক উন্নতি করেছে। গত বছর সবকটি শিরোপা জিতেই তারা তাদের উন্নতির প্রমাণ দিয়েছে। ওরা আমাদের খেলা গভীরভাবেই পরখ করেছে। আমাদের বিপক্ষে ম্যাচের জন্য ওরা ওদের মতো তৈরি হবে। আমরাও আমাদের মতো তৈরি হব। আমরা এখানে এসেছি জিততে। লিগপর্বের তিনটি ম্যাচই জিততে চাই। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।’
আজ দিনের প্রথম ম্যাচে নেপাল মুখোমুখি হবে ভুটানের।
