মেজর লিগ সকারে নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে ইন্টার মায়ামি। আজ মেসির দল খেলবে হংকং একাদশের বিপক্ষে। তার আগে গতকাল মায়ামির অনুশীলন দেখতে স্টেডিয়ামের গ্যালারি ছিল পূর্ণ। হংকং স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৪০ হাজার। অনুশীলন দেখতে আসাদের আগ্রহের কেন্দ্রে ছিলেন বিশ্বকাপজয়ী মেসি। স্টেডিয়ামের বাইরেও অনেকে জড়ো হন। ভক্তরা ‘মেসি মেসি’ হর্ষধ্বনি তোলে। অনুশীলনের সময় মেসিকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা। অনুশীলন দেখতে আসা কারও গায়ে ছিল মেসির ইন্টার মায়ামির জার্সি তো কারও গায়ে আর্জেন্টিনার জার্সি।
আজ মায়ামি ও হংকং একাদশের ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। ম্যাচের টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে যায়। মেসি এর আগে আল নাসরের বিপক্ষে খেলেছিলেন শেষ ৭ মিনিট। পেশিতে অস্বস্তি থাকায় তিনি নেমেছিলেন ম্যাচের ৮৩ মিনিটে। তবে আজ মেসি আরও বেশি সময় মাঠে থাকতে পারেন। নামতে পারেন শুরুর একাদশেও।
অনুশীলন দেখতে আসা ২৮ বছরের লিউ থাকেন হংকংয়েই। লিউ বলেন, ‘মেসি এখন মায়ামিতে খেলছেন তাই আমার খুব একটা সুযোগ হবে না ভবিষ্যতে তাকে দেখার। এটাই আমার শেষ সুযোগ ছিল। সে সর্বকালের সেরা। আমার চোখে পানি চলে এসেছিল যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে।’
প্রস্তুতির অংশ হিসেবে মায়ামি এখন পর্যন্ত চারটি প্রীতি ম্যাচ খেলেছে। এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করে মায়ামি। এরপর এফসি ডালাস, আল হিলাল ও আল নাসরের সঙ্গে হেরেছে মেসি-সুয়ারেজরা।
