মিয়ানমার থেকে আসা গুলিতে ভাঙল অটোরিকশার কাচ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ এএম

মিয়ানমার থেকে আসা গুলিতে এবার বান্দরবানে একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভেঙেছে। গতকাল শনিবার দুপুর পৌনে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তমব্রু উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও এলাকাটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

কাচ ভেঙে যাওয়া অটোরিকশাটির চালক আবু তাহের বলেন, ‘তমব্রু উত্তরপাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই আমার অটোরিকশায় একটি গুলি এসে পড়ে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে অটোরিকশার সামনের বড় গ্লাসটি ভেঙে গেছে।’

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আলম জানান, দুদিন বন্ধ থাকার পর গতকাল বিকেল থেকে আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলি আওয়াজ শোনা যাচ্ছে।

এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘বিকেলে তমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে। তবে অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না নিশ্চিত নই।’ সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

কয়েক মাস ধরে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। রাখাইনের রাজধানী সিতওয়ে, উত্তরের জেলা শহর মংডু এবং বুথিডং এলাকায় সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। গুরুত্বপূর্ণ এসব শহরের দখল নিতে মরিয়া হয়ে ওঠে আরাকান আর্মি। অন্যদিকে সশস্ত্র বাহিনীও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সর্বশক্তি প্রয়োগ করে।

আর সীমান্তের ওপারে এই সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পরিস্থিতি নাজুক; বিশেষ করে তমব্রু, কোনারপাড়া, ক্যাম্পপাড়া, তমব্রু বাজারসহ কয়েকটি পাড়ার মানুষ দুশ্চিন্তায় দিন পার করছে। রাখাইন থেকে ভারী অস্ত্রের গোলা বা মর্টার শেলের প্রকট আওয়াজে কেঁপে উঠছেন বাসিন্দারা। এমনকি কখনো কখনো মর্টার শেলও এসে বাংলাদেশ অংশে পড়ছে। তমব্রু সীমান্ত এলাকায় গত বুধবার তিনটি মর্টার শেল এসে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় সীমান্তবর্তী এলাকার অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছে।

২০২২ সাল থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩১ থেকে ৫৬ নম্বর পিলার পর্যন্ত মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে। সম্প্রতি এই লড়াইয়ের তীব্রতা অনেক বেড়েছে।

প্রতিবেশী দেশ মিয়ানমারে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ সংঘাত চলায় সীমান্তে কঠোর নিরাপত্তা বজায় রেখেছিল বাংলাদেশ। এবার সীমান্তের কাছাকাছি সংঘর্ষ চলছে বলে জানা গেছে এবং এ অবস্থায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরই মধ্যে সংঘাত নতুন করে বাড়ায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো পরিস্থিতি মোকাবিলা বাহিনীটির সদস্যদের ২৪ ঘণ্টা সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত