নারায়ণগঞ্জের স্বার্থে এক টেবিলে শামীম-আইভী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ এএম

দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। গোলটেবিল বৈঠকটির আয়োজক ছিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। বহুদিনের বিভেদ ভুলে সেখানে উপস্থিত হয়েছিলেন আওয়ামী লীগের আলোচিত দুই নেতা সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৈঠকে নগরীর যানজট, ফুটপাতে হকার, মীর জুমলা সড়ক, সিরাজউদদৌলা রোড দখল, অবৈধ স্ট্যান্ড, গোটা জেলা মাদকে সয়লাব, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা নিয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা। এসব সমস্যার সমাধান হলে একটি ক্লিন ও স্মার্ট নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা সম্ভব বলে মত দিয়েছেন উপস্থিত সবাই। তবে তাদের ভাষ্য, এজন্য প্রয়োজন সমন্বিত পদক্ষেপ।  পাশাপাশি জনপ্রতিনিধিদের ঐকমত্য।

গতকাল শনিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অডিটোরিয়ামে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি ও প্রশাসন ছাড়াও ব্যবসায়ী নেতারা, সাংবাদিক ও সামাজিক নেতারা অংশগ্রহণ করেন।

গতকাল বৈঠকে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আমি সাহস পাচ্ছি, আমাদের সংসদ সদস্যরা সবাই সুন্দর নারায়ণগঞ্জ চাচ্ছেন। আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে আমি গাড়ি ডাম্পিংয়ে দেওয়া শুরু করব। রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব।

বৈঠকে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, রাস্তার পাশে ফুটপাতে হকাররা বসে। তাদের সঙ্গেও জড়িয়ে আছে অনেক পরিবার। তাই ইচ্ছে থাকলেও আমরা সেগুলো বন্ধ করতে পারছি না। পুনর্বাসনের মাধ্যমে এদের অন্যত্র সরিয়ে দিলে শহরকে যানজটমুক্ত করা যাবে। আজকে যারা এখানে বসেছেন, আপনারা নারায়ণগঞ্জের যেকোনো সমস্যা নিয়ে ঐকমত্য হয়ে সিদ্ধান্ত দেবেন, সেগুলো আমরা জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করে দেব।

সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি বলেন, আমরা হকার বসতে দিয়েছি। নির্দিষ্ট কিছু জায়গায় স্থান দিয়েছি। ৬০০ হকারকে পুনর্বাসন করেছি। আর অটোরিকশার অনুমোদন তো সরকারই দেয় না, আমরা কীভাবে দেব? পুরো নারায়ণগঞ্জের মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কী সমাধান দিতে পারি।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, আজকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। এখানে কোনো রাজনীতি থাকবে না। রাজনীতি একটাই, নারায়ণগঞ্জের মানুষকে শান্তিতে চলাচল করতে দিতে হবে। আমরা মেয়রকে অবশ্যই সহযোগিতা করব। আমরা করোনার সময়ও করেছি।

বৈঠকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ভালো কাজ আমরা সবাই মিলে করব। আজকে এখানে বসা যেন না হয়, সেজন্য অনেকে চেষ্টা করেছেন। সমস্যার সমাধান করতে হলে সবাইকে কাজ করতে হবে। আমার তরফ থেকে কোনো বাধা আসবে না। পুরো শহর হকারমুক্ত করুন। কবে করবেন জানান। মেয়র আবেদন করলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট দেবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, এফবিসিসিআইএর পরিচালক প্রবীর কুমার সাহা, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত