পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়াতে ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের এন্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)।
রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সতেন্দ্র সিওয়াল। হাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন সতেন্দ্র।
উত্তর প্রদেশের এটিএস জানায়, গোয়েন্দাসূত্রে তারা খবর পায় যে, ভারতের সেনাবাহিনী সংশ্লিষ্ট তথ্য পেতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মীকে অর্থের লোভ দেখাচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। আর সতেন্দ্র ছিল এই গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কের মূল ব্যক্তি।
সতেন্দ্রের বিরুদ্ধে পদবিকে কাজে লাগিয়ে গোপনীয় নথিপত্র বের করার অভিযোগও রয়েছে। এমনকি অর্থের লোভে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় এবং ভারতীয় সামরিক স্থাপনাগুলোর কিছু তথ্য আইএসআইর কাছে দিয়েছেন তিনি।
এটিএস জানায়, অভিযোগ পাওয়া পর সতেন্দ্রকে তারা জিজ্ঞাসাবাদ করেছে। তবে এ সময় তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। ২০২১ সাল থেকেই মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করছেন সতেন্দ্র।
