চট্টগ্রামের আনোয়ারায় কুকুরের কামড়ে পারকি সমুদ্র সৈকতের পর্যটকসহ এলাকার অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বারশত ইউনিয়নের পারকি সৈকত, দুধকুমড়া ও রাঙ্গাদিয়া এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পারকি সৈকতের মো. মিজান (২৮), তেকোটা গ্রামের সাইফুদ্দিন (৪৫), ফটিকছড়ির নেজাম উদ্দিন (২৯), চন্দনাইশের খোরশেদ আমিন (২৮), সীতাকুণ্ডের নাফিসা আক্তারের (২) নাম পরিচয় জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পারকি সৈকত এলাকায় হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের কামড়াতে শুরু করে। এতে শিশুসহ নারী-পুরুষ মিলে অন্তত ২৫ জন আহত হন। আহতদের কেউ কেউ স্থানীয়ভাবে আর কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, শনিবার একটি কুকুর পারকি সৈকতে পর্যটকদের ওপর আক্রমণ করে। পরে গিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এতে পর্যটকসহ এলাকার অন্তত ২৫ জন মানুষ আহত হয়েছেন বলে খবর পেয়েছি।
