৬ মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম

রাজধানীর পল্টনের চার ও রমনা থানার পৃথক দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

তবে রমনা থানার দুটি ও  পল্টনের এক মামলায় তার জামিন নামঞ্জুর করেন আদালত।

আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে শুনানি শেষে এ জামিন মঞ্জুর করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলায় এবং অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ বিষয়ে শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা রেওলয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত