সুনামগঞ্জের দিরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আনোয়ার মিয়া (৫৫) একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে দিরাই উপজেলার উজানধল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উজানধল গ্রামের ছুফি মিয়া ও দানু মিয়ার মধ্যে গ্রামের পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধকৃত জমিতে কয়েকদিন আগে বোরো ধানের চারা রোপণ করেন দানু মিয়ার পক্ষের লোকজন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে ছুফি মিয়ার পক্ষের লোকজন জমি দখলে নিতে চাইলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান দানু মিয়ার শ্বশুর আনোয়ার মিয়া (৫৫)। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়।
আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ দিরাই হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।
