পুলিশের সহযোগিতায় স্বপ্নযাত্রীর ‘অবসর পাঠাগার’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম

রাজধানীর রাজারবাগে পুলিশের সহযোগিতা ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিনি ‘অবসর পাঠাগার’ গড়ে তোলা হয়েছে। বাসের জন্য কাউন্টারে অপেক্ষারত বিভিন্ন গন্তব্যের যাত্রীদের বই পড়ে সময় কাটানোর জন্য এই উদ্যোগে নেওয়া হয়।

রবিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের ২ নম্বর গেইটের বিপরীতে অবস্থিত গ্রিন লাইন বাস কাউন্টারে এই লাইব্রেরি উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগ। পরে সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, উদ্বোধনের সময় উপস্থিত সাধারণ যাত্রীরা ব্যতিক্রমধর্মী এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অপেক্ষমান যাত্রী ভারতীয় নাগরিক চন্দ্রিমা দত্ত এই মিনি লাইব্রেরির সামনে এসে তার ইতিবাচক অভিব্যক্তি তুলে ধরেন। তিনি জাতীয় কবিতা পরিষদের আমন্ত্রণে ঢাকা কবিতা উৎসবে অংশগ্রহণ করতে আসাম থেকে এসেছিলেন। বাংলাদেশ পুলিশের এ কার্যক্রমকে তিনি স্বাগত জানান। এ সময় যাত্রী সাধারণের মধ্যে উপস্থিত কিছু কোমলমতি শিশু মিনি লাইব্রেরি থেকে বই হাতে তুলে নেন এবং পড়েন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার ও বিশেষ অতিথি ছিলেন মতিঝিল ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান। এ ছাড়া এ সময় স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এক ঝাঁক তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত