বাংলাদেশে নবায়ণযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চাই দেশটি। পর্যায়ক্রমে তা আরও বাড়বে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতু সুবুল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আগ্রহের কথা জানান। এ সময় সেখানে দুদেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘ভ্রাতৃপ্রতিম এই দেশ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরও লাভবান হতে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। বিনিয়োগে ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আগ্রহকে স্বাগত জানানো হবে। এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
