মমতার কথা রাখলেন না কবীর সুমন, ৭ দিন আগেই বাড়ি ফিরলেন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম

ভক্ত-অনুরাগীদের জন্য খুশির সংবাদ। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কবীর সুমন। ২৯ জানুয়ারি বুকে সংক্রমণ ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয় তাকে। পাশাপাশি, হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে সুমনের। জানা গেছে, শনিবার বিকালে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুমনকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর স্বাস্থ্য সম্পর্কে সাংবাদিকদের মমতা বলেছিলেন, 'আগের চেয়ে ভালো আছেন। কথা বলেছেন। বাড়ি যাব-বাড়ি যাব করছেন। কিন্তু আমি বলেছি, এখন বাড়ি যাওয়া যাবে না। এক বার এমন হয়েছে। আবার যখন-তখন এমন হতে পারে। তাই আমি বললাম, এখনও ১০ দিন থাকতে হবে। সুস্থ হয়ে ফিরবেন।' অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী শিল্পীর বাড়ি ফেরার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু জানা যাচ্ছে, ৩ ফেব্রুয়ারি শিল্পী হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন।

এখন কেমন আছেন ‘গানওয়ালা’? শিল্পীঘনিষ্ঠ সূত্র বলছে, এখন শিল্পী অনেকটাই ভালো আছেন। হাসপাতালে আইসিইতে সুমনের চিকিৎসা চলছিল। হাসপাতালে সংক্রমণের আশঙ্কা ছিল বলেই শিল্পীকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বাড়িতে ফেরার পরেও চিকিৎসকদের মেডিকেল বোর্ড শিল্পীর স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে। শিল্পীর ফুসফুসে পানি জমেছিল। হাসপাতালে থাকাকালীনই চিকিৎসকেরা তা বের করেন। চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ খাচ্ছেন শিল্পী। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন।

চলতি মাসেই আন্তর্জাতিক ভাষা দিবসের দিন বাংলা খেয়ালের একটি অনুষ্ঠানে সুমনের অংশ নেওয়ার কথা। জানা গেছে, সে অনুষ্ঠানে শিল্পী উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত