১৮৬ বলে একটা ওয়ানডে শেষ। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম বলের ম্যাচের হিসেবে ষষ্ঠ। ৮৭ রান তাড়া করতে নেমে ৬.৫ ওভারে জিতে গেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আট উইকেটের এ জয়ে সিরিজেও ধবলধোলাই হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
নিজেদের ১০০তম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। দ্বিতীয় সারির অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে ভেঙ্গে পড়ে উইন্ডিজের ব্যাটিং লাইনআপ। ২৪.১ ওভারে ৮৬ রানে অলআউট হয় তারা। তিন জন বাদে ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটার দুই অঙ্কের বেশি রান করতে পারেননি। সর্বোচ্চ রান ওপেনার অ্যালিক অ্যাথানেজের। তিনি করেন ৩২। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট শিকার করেন পেসার জেভিয়ার বার্টলেটের। দুটি করে উইকেট ল্যান্স মরিস এবং অ্যাডাম জাম্পার।
জবাবে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ শুরু করেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়া জেক ফ্রেজার-ম্যাকগার্ক। ৫ চার ও ৩ ছয়ে ১৮ বলে ৪১ রান করে আউট হন। সমান তালে খেলেন জস ইংলিসও। তিনি অপরাজিত থাকেন ১৬ বলে ৩৫ রানে। মাত্র ৬.৫ ওভারেই ৮৭ রান তুলে জিতে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ এবং সিরিজ সেরা হয়েছেন বোলার বার্টলেট।
